মন্থার প্রভাব
তীব্র ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে, যার বেগ ছিল ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার। ধীরে ধীরে এটি শক্তি হারিয়ে একটি সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। তবে এর প্রভাব বাংলার আবহাওয়ায় কতটা পড়বে? দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকবে? কলকাতাতেও কি বৃষ্টি চলবে? গতকাল থেকেই বাংলার উপকূলীয় জেলাগুলিতে মন্থার প্রভাব দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি হয়েছে। আজও ওইসব অঞ্চলের আকাশ মেঘলা, মাঝেমধ্যেই বৃষ্টি চলছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সমস্ত জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া
আজ সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ সকালে ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস — যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, বৃষ্টির পরিমাণ প্রায় ০.৬ মিলিমিটার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকেই পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কাও রয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে, শুধুমাত্র কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার উন্নতি হবে।
সমুদ্র উপকূলে মন্থার প্রভাব
মন্থার প্রভাবে সমুদ্র এখনও উত্তাল। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি, পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এটি গুজরাট উপকূলে অবস্থান করছে। তবে, আবহাওয়া দফতর জানিয়েছে যে এর স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম।